কুলাউড়ায় আওয়ামী লীগ ও বিএনপির মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আকমল আলী হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার পাল্টাপাল্টি মিছিল হয়েছে। আকমল আলীকে যুবলীগ কর্মী দাবি করে হত্যাকারীর শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। অপরদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমরউদ্দিন আহমেদকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে মিছিল করে স্থানীয় বিএনপি।উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গিয়াসনগর গ্রামের আকমল আলী গত মঙ্গলবার দুর্বৃত্তের হামলায় নিহত হন। এই ঘটনায় আকমলের ভাই আবদুল গনি ১১ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কমরউদ্দিন আহমদ ও গিয়াসনগর গ্রামের শুকুর মিয়াকে গ্রেপ্তার করে।আকমল আলীকে জয়চণ্ডী ইউনিয়ন যুবলীগের কর্মী দাবি করে হত্যাকারীর শাস্তি চেয়ে গতকাল দুপুরে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এলাকাবাসীর ব্যানারে এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে কুলাউড়া শহরের চৌমোহনী চত্বরে মানববন্ধন করা হয়। অপরদিকে চেয়ারম্যান কমরউদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি গতকাল কুলাউড়া শহরে বিক্ষোভ মিছিল করে।