কুলাউড়ায় আগুনে রাবার বাগানের তিন হাজার গাছ পুড়ে গেছে
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রাবার বাগানে গতকাল শুক্রবার দুপুরে আগুন লাগে। আগুনে প্রায় তিন হাজার গাছ পুড়ে গেছে। কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাগান কর্তৃপক্ষের ধারণা, দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।বাগান কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে ভাটেরা রাবার বাগানের ১ নম্বর সেকশনে শ্রমিকেরা আগুনের কুণ্ডলি দেখতে পান। আগুনের তীব্রতার কারণে শ্রমিকেরা তা নিয়ন্ত্রণ করতে পারেননি। একপর্যায়ে আগুন দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।রাবার বাগানের ব্যবস্থাপক সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুনে প্রায় তিন হাজার রাবার গাছ পুড়ে গেছে। এসব গাছ থেকে রাবার উত্পাদন হতো। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তাঁর ধারণা, দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে।কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলের দুই কিলোমিটারের ভেতর জলাধারের কোনো ব্যবস্থা ছিল না। লাঠি দিয়ে ডালপালা ভেঙে ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি জানান, গাছের শুকনো পাতা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।