কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আজ রোববার বিকেলে দুজন মেয়র প্রার্থী ও আটজন কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় দেয়ালে পোস্টার সাঁটানোয় বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র কামাল উদ্দিন আহমদের একজন কর্মীকে ৫ হাজার টাকা এবং প্রচারণায় ব্যবহৃত গাড়িতে পোস্টার লাগানোয় আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ কে এম সফি আহমদ সলমানের একজন সমর্থককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গাড়ির বহর নিয়ে শোভাযাত্রা করায় ৫নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুরাদ আহমদ; দেয়ালে পোস্টার সাঁটানোয় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হারুনুর রশীদ, রুমান আহমদ, আবদুল মতলিব খোকন, শামীম আহমদ চৌধুরী, মো. মুস্তাক ও আলমাস পারভেজ তালুকদার এবং ৩নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেবী বেগম চৌধুরীর কর্মীদের নগদ ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের সময় রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।