কুলাউড়ায় আদিবাসীদের কবরস্থান গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সিংগুর এলাকায় খাসিয়া আদিবাসীপল্লির কবরস্থান গতকাল সোমবার ভোরে দুর্বৃত্তরা গুঁড়িয়ে দিয়েছে। আদিবাসীরা জানান, ১৯৫২ সাল থেকে আদিবাসী খাসিয়া সম্প্র্রদায়ের লোকজন উপজেলার সিংগুর এলাকার ওই পল্লিতে বসবাস করছেন। বর্তমানে এখানে ৫০টি পরিবার রয়েছে। পল্লির লাগোয়া কিছু জায়গা তাঁরা কবরস্থান হিসেবে ব্যবহার করছেন। কবরস্থান পাহারার দায়িত্বে নিয়োজিত রাং খংলা ও রিগ্যান খংলা প্রথম আলোকে জানান, গতকাল ভোররাত সাড়ে তিনটার দিকে ১০-১৫ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা ও লোহার শাবল নিয়ে কবরস্থানে ঢুকে ভাঙচুর চালায়। টের পেয়ে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পল্লির হেডম্যান (প্রধান) জামিল ধার খাসিয়া জানান, বিষয়টি স্থানীয় বরমচাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ পুলিশকে জানানো হয়েছে।বরমচাল ইউপির চেয়ারম্যান আহবাব হোসেন চৌধুরী বলেন, ‘কবরস্থান নিয়ে শ্রীপুর গ্রামের আবদুল মতিন খানের সঙ্গে খাসিয়াদের বিরোধ ছিল। দুই-তিন দিন আগে বিষয়টি মীমাংসা হয়ে গেছে। এখন কেন এ ধরনের ঘটনা ঘটল বুঝতে পারছি না।’আবদুল মতিন খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আদিবাসীদের অভিযোগের সত্যতা পেয়েছি। কাজটি মোটেই ঠিক হয়নি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’