কুলাউড়ায় আসামি ছিনতাই, হামলায় পুলিশসহ আহত ৯
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা চা-বাগানে গত সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন হত্যা মামলার এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় পুলিশসহ নয়জন আহত হন। পুলিশ সূত্রে জানা গেছে, লংলা চা-বাগানের তারাপাশা ফাঁড়ি এলাকার রাবারবাগানের পাহারাদার মো. সুফিয়ান মিয়া (৪০) গত বছরের ২২ জুন খুন হন। এ ঘটনায় পরদিন সুফিয়ানের বাবা আলকাছ মিয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা করেন।পুলিশ জানায়, স্থানীয় সাঁওতালটিলা এলাকার বাসিন্দা রবিন তাঁতির (৩৫) স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জের ধরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। সে কারণে রবিনকে একমাত্র আসামি হিসেবে ওই মামলায় এজাহারভুক্ত করা হয়।পুলিশের একটি দল গত সোমবার সন্ধ্যায় লংলা চা-বাগানের কারখানার ফটকের সামনে থেকে রবিনকে গ্রেপ্তার করে। এ সময় তিন-চার শ লোক পুলিশকে ঘিরে ফেলে। তারা পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেয়। বাধা দেওয়ায় তাদের হামলায় মামলার তদন্ত কর্মকর্তা ও কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম, কনস্টেবল আবদুল হকসহ নয়জন আহত হন। সূত্র জানায়, খবর পেয়ে রাত নয়টার দিকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান দুই প্লাটুন পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। রাত ১০টার দিকে রবিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।