কুলাউড়ায় ইউপি সচিবের বাড়িতে হামলার অভিযোগ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গুঁড়াভুঁই গ্রামে গত শুক্রবার রাতে স্থানীয় ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব সজল কুমার দেবের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় সজল, তাঁর স্ত্রী সুপ্রিয়া রানী দেব ও ছেলে তন্ময় আহত হন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গুঁড়াভুঁই গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা বেশ কয়েক বছর ধরে তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান করে আসছেন। ওই অনুষ্ঠান করার জন্য একটি উৎসব উদ্যাপন পর্ষদ আছে। পর্ষদের গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষণের জন্য গ্রামের লোকজন পাঁচ-ছয় মাস আগে সজলসহ এলাকার পাঁচ ব্যক্তিকে দায়িত্ব দেন। নিরীক্ষণে প্রায় দুই লাখ টাকা ব্যয়ের কোনো খাত বা কাগজপত্র পাওয়া যায়নি।সূত্র জানায়, এ বছর হরিনাম যজ্ঞানুষ্ঠান করার লক্ষ্যে গত শুক্রবার সন্ধ্যায় গুঁড়াভুঁই ভৈরব মন্দিরে একটি বৈঠক বসে। সেখানে আয়-ব্যয়ের অস্বচ্ছতার বিষয়ে আলোচনা শুরু হলে পর্ষদের সভাপতি নিত্যানন্দ দেবসহ তাঁর পক্ষের লোকজন সজলকে গালিগালাজ করেন।সজল দেব অভিযোগ করেন, ওই ঘটনার পর রাত সাড়ে আটটার দিকে নিত্যানন্দসহ ১৫-২০ জন লোক লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে হামলা চালান। তাঁরা সজল, তাঁর স্ত্রী সুপ্রিয়া ও ছেলে তন্ময়কে মারধর করেন। এ সময় হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে ৩০ হাজার টাকা ও সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে।এ ঘটনায় সজল দেব ওই রাতেই নিত্যানন্দসহ আরও ১০ জনের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দেন।এ বিষয়ে নিত্যানন্দ দেব প্রথম আলোকে বলেন, হামলা-লুটপাটের অভিযোগটি সাজানো। আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগটিও সঠিক নয়। সবকিছুই ঠিকঠাক আছে।কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ওয়াকিল উদ্দিন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিক তদন্তে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতারা উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি মিটমাটের উদ্যোগ নিয়েছেন।’