কুলাউড়ায় ইটভাটা মালিককে জরিমানা
নিয়ম ভেঙে কৃষিজমি বিনষ্ট করে ইটভাটা সম্প্রসারণের অভিযোগে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার এক ইটভাটা মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে কুলাউড়ার মেসার্স জোনাকী ব্রিকফিল্ডের মালিককে ডেকে নিয়ে এই জরিমানা আদায় করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজারে অবস্থিত মেসার্স জোনাকী ব্রিকফিল্ড কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের নির্দেশিত দুই একর আয়তনের ইটভাটাকে কৃষিজমি বিনষ্ট করে সাত একরে সম্প্রসারিত করেছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গত ১২ ফেব্রুয়ারি ইটভাটাটি আকস্মিক পরিদর্শন করেন। এ সময় ইটভাটাটিতে পরিবেশ অধিদপ্তরের নিয়ম ভেঙে কৃষিজমি সম্প্রসারণ করার বিষয়টি ধরা পড়ে। এরপর ইটভাটার মালিক মো. সফি আযম ইউনুছকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে ডেকে নিয়ে গত বৃহস্পতিবার পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১৫ দিনের মধ্যে ইটভাটা থেকে মালামাল ও স্থাপনা অপসারণ করে দুই একরে সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইটভাটাকে অবিলম্বে সনাতন পদ্ধতির স্থাপনা অপসারণ করে দূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির চিমনি ও স্থাপনা নির্মাণ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে গতকাল শুক্রবার বলেন, ‘আমি হাকালুকি হাওর পরিদর্শনে গিয়েছিলাম। ইটভাটাটি আমার চোখে অনেক বড় মনে হয়েছে। তখনই সেটি পরিদর্শন করি। পরে মালিককে ঢাকায় ডেকে এনে দণ্ড প্রদান করা হয়েছে।’ পরিচালক জানিয়েছেন, প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হাকালুকি হাওরের পরিবেশ রক্ষায় শিগগিরই এ রকম অভিযান পরিচালনা করা হবে। ইসিএ এলাকায় যেসব অবৈধ ইটভাটা আছে। সেগুলো অপসারণ করা হবে।