কুলাউড়ায় এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিএনপির একজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে দুই পক্ষে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার উপজেলা ও পৌর বিএনপির একাংশ সংবাদ সম্মেলন করেছে। এর আগে গত সোমবার ওই দুই কমিটির অপর অংশ সংবাদ সম্মেলন করে। কুলাউড়া সদরের একটি রেস্তোরাঁয় গতকাল সংবাদ সম্মেলনে বলা হয়, সাবেক সাংসদ এম এম শাহীনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপির সিদ্ধান্তের বিরোধিতা হচ্ছে কেন্দ্রীয় কমিটির প্রতি ধৃষ্টতা প্রদর্শন করা। তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকদের দাবির মুখে গত শনিবার উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় এম এম শাহীনকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সিদ্ধান্তও নেওয়া হয়। অথচ গত সোমবার কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির নাম ভাঙিয়ে পৌর মেয়র কামাল আহমেদ ও বিএনপি নেতা এম এ মজিদ সংবাদ সম্মেলন করেন। এতে বিএনপির বৈধ কমিটির নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে বিষোদ্গার করে বক্তব্য দেওয়া হয়। তাঁরা বিএনপির কেউ নন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীন। এ সময় উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রেদওয়ান খান, পৌর সভাপতি খন্দকার মুহিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।