কুলাউড়ায় কবিরাজ হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়ায় কবিরাজ আবদুল মতিন ওরফে গাজী মোল্লাকে পুড়িয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম ফয়ছল আহমদ। বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মৃধারপাড়া গ্রামে।কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন জানান, মুঠোফোনের সূত্র ধরে গত সোমবার রাতে ফয়ছল আহমদকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে।২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুর বাজারের একটি চায়ের দোকান থেকে এক যুবক গাজী মোল্লাকে (৫৮) ডেকে নিয়ে যান। ওই রাতে উপজেলা পরিষদ চত্বরের কাছে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরের দিন বিকেলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশের ধারণা, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর আগে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের চাচাতো ভাইয়ের ছেলে লিটন আহমদকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।