কুলাউড়ায় কবিরাজকে পুড়িয়ে মারার ঘটনায় একজন গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়ায় কবিরাজ আবদুল মতিন ওরফে গাজী মোল্লাকে পুড়িয়ে মারার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ লিটন আহমদ ওরফে লিটু (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে কুলাউড়া পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কবিরাজের চাচাতো ভাই আমিনুল ইসলাম ওরফে রওশনের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাদিপুর ইউনিয়নের পেকুর বাজারের একটি চা-দোকান থেকে অজ্ঞাতপরিচয় এক যুবক গাজী মোল্লাকে (৫৮) ডেকে নিয়ে যায়। রাতে উপজেলা পরিষদের একটি পরিত্যক্ত ভবনের কাছ থেকে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে জামিল আহমদ বাদী হয়ে ৪ ফেব্রুয়ারি কুলাউড়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ জানিয়েছে, বাদী গত বৃহস্পতিবার সম্পূরক এজাহারে লিটনকে আসামি করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেহ উদ্দিন আহমদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিকে ডেকে নেওয়া অজ্ঞাতপরিচয় যুবককে তাঁরা খুঁজছেন। এ পর্যন্ত একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জমিজমা নিয়ে লিটনের পরিবারের সঙ্গে আগে থেকেই মতিনের বিরোধ ছিল। এর জের ধরে তিনি খুন হতে পারেন—এমন সন্দেহে লিটুকে গ্রেপ্তার করা হয়েছে। লিটুকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।