কুলাউড়ায় কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্বৃত্তরা জোর করে এক কিশোরীকে (১৫) ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দেওয়ায় তারা কিশোরীর আত্মীয়স্বজনের ওপর হামলা চালিয়েছে। গত রোববার সন্ধ্যায় কুলাউড়া পৌর শহরে অবস্থিত সার্কেল সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌর শহরের জয়পাশা এলাকার বাসিন্দা ইয়াকুব আলী (২৪) প্রেমের সম্পর্কের সূত্র ধরে শুক্রবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের এক কিশোরীকে নিয়ে পালিয়ে আসেন। ওই কিশোরী এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। পরে কিশোরীর স্বজনেরা বিষয়টি পুলিশকে জানান। সূত্র জানায়, এ ব্যাপারে রোববার বিকেল পাঁচটার দিকে এএসপির কার্যালয়ে একটি আপসরফার বৈঠক শুরু হয়। সেখানে কুলাউড়া সার্কেলের এএসপি মো. আলমগীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রুমেল আহমদসহ উভয় পরিবারের অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোরীকে তার স্বজনদের জিম্মায় দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্বজনেরা কিশোরীকে নিয়ে মাইক্রোবাসে উঠতে গেলে ইয়াকুব ওই কিশোরীর হাত ধরে টেনে জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে ইয়াকুবের সহযোগী ১০-১২ জন যুবক লাঠিসোঁটা নিয়ে কিশোরীর স্বজনদের ওপর হামলা চালায়। এতে ওই পক্ষের সাতজন আহত হন।