কুলাউড়ায় কিশোরের লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সুখনাভি গ্রামের কাছে মনু নদ থেকে পুলিশ গতকাল রোববার দুপুরে আবু সালেক (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে। সালেক পাশের শরীফপুর ইউনিয়নের ওয়াছির আলীর ছেলে।পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সালেক গত শুক্রবার বিকেলে নিখোঁজ হন। এ বিষয়ে গত শনিবার তাঁর বড় ভাই আবু সায়েম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন মনু নদে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়। দুপুর দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা ছুটে এসে লাশটি সালেকের বলে শনাক্ত করেন।কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম আলোকে জানান, নিহত সালেকের শরীরের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। তাঁকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।