কুলাউড়ায় কয়লাখনির অস্তিত্ব মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নাছনি গ্রামে আখালি নদীর কাছে কয়লা অনুসন্ধানকাজ গতকাল শনিবার শেষ করেছে ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের প্রতিনিধিদল। তারা প্রাথমিকভাবে কয়লাখনি থাকার কোনো লক্ষণ পায়নি। বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জরিপ অধিদপ্তরের উপপরিচালক আছমা হকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল কয়লাখনির সন্ধানকাজ শুরু করে। দলটি নাছনি গ্রামের মনটিকি এলাকার আখালী নদী এলাকায় তাদের অনুসন্ধান চালাতে থাকে। পরপর তিন দিন কাজ করার পর গতকাল দলটি মাঠপর্যায়ের অনুসন্ধানকাজ শেষ করে। প্রাথমিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তারা এখানে কয়লাখনির কোনো লক্ষণ খুঁজে পায়নি। দলটির ধারণা, এখানে মাটির সঙ্গে কয়লার যে টুকরো পাওয়া গেছে তা আখালী নদী দিয়ে মেঘালয় কিংবা আসাম থেকে পানির স্রোতে এসে থাকতে পারে। আছমা হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘কয়লা মাটির নিচে স্তরীভূত অবস্থায় থাকে। এভাবে মাটির ওপরে টুকরো টুকরো অবস্থায় থাকে না। এগুলো অন্য কোথাও থেকে কোনোভাবে এখানে এসেছে।’