কুলাউড়ায় গোয়ালঘরে মিলল শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গোয়ালঘর থেকে এক কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামে নিজ বাড়ির গোয়ালঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া ওই শিশুর নাম রিমা আক্তার (১১)। সে একই গ্রামের বাসিন্দা মন্তাজ আলীর মেয়ে। স্থানীয় হায়দরগঞ্জ টাইটেল মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ত রিমা। এই ঘটনায় কুলাউড়া থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকাল থেকে পরিবারের সদস্যরা রিমাকে খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। একপর্যায়ে সকাল সোয়া নয়টার দিকে বাড়ির গোয়ালঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এটা হত্যা, না আত্মহত্যার ঘটনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে রিমার মা আয়াতুন বিবি বলেন, তাঁদের তিন ছেলে ও দুই মেয়ে। রিমা সবার ছোট ছিল। তাঁর সঙ্গে পরিবারের কারও কোনো ঝগড়া-বিবাদ হয়নি। কী কারণে সে আত্মহনন করল, সেটা তাঁরা বুঝে উঠতে পারছেন না।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন মিয়া সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত রিমার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য তার লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।