কুলাউড়ায় চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় তাইয়িবা নামের এক বছর আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির বাড়ি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামে। এ ঘটনায় শিশুটির বাবা ছয়ফুল হোসেন চৌধুরী গতকাল বুধবার সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে বলা হয়, তাইয়িবা গত মঙ্গলবার সকালে ১০-১২ বার বমি ও পাতলা পায়খানা করে। ওই দিন বেলা ১১টার দিকে তাকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে বহির্বিভাগে কর্তব্যরত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কমল রতন সাহা শিশুটিকে দেখে খাওয়ার স্যালাইন ও দুটি ওষুধের নাম লিখে ব্যবস্থাপত্র দিয়ে বাড়ি চলে যাওয়ার পরামর্শ দেন।ছয়ফুল হোসেন চৌধুরীর (৪০) ভাষ্যমতে, চিকিৎসককে দেখানো শেষে অসুস্থ মেয়েকে নিয়ে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে উত্তর কুলাউড়া এলাকায় বোনের বাসায় যান। সেখানে পৌঁছার দু-তিন মিনিট পর তাইয়িবার খিঁচুনি শুরু হয়। একপর্যায়ে সে পড়ে যায়। এ অবস্থায় তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাইয়িবাকে মৃত ঘোষণা করেন।ছয়ফুল হোসেন চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘বাচ্চাটি অত্যন্ত অসুস্থ ছিল। কিন্তু ডাক্তার তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেননি। তিনি তাড়াহুড়ো করে দেখে বলেন, কোনো সমস্যা নেই। ঠিকমতো ওষুধ খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের অবহেলার কারণেই আমার সন্তানকে হারাতে হলো।’কমল রতন সাহা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাচ্চাটিকে খুব অসুস্থ মনে হয়নি। তাই ভর্তির পরামর্শ দিইনি। তবে দ্রুত স্যালাইন না খাওয়ানোর কারণে পানিস্বল্পতায় এ ধরনের রোগী মারা যেতে পারে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌরমণি সিনহা বলেন, ‘পরিবারের লোকজনের কান্নাকাটি শুনে জরুরি বিভাগে গিয়ে ফুটফুটে শিশুটিকে মৃত দেখে খুব কষ্ট লেগেছে। চিকিৎসক কমল জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা দেখে নাকি ভর্তিযোগ্য মনে হয়নি। আসলে কিছু বুঝতে পারছি না।’সিভিল সার্জন গোলাম রাজ্জাক চৌধুরী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি দাপ্তরিক একটি কাজে ঢাকায় এসেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’