কুলাউড়ায় চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চিকিৎসার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন চক্ষুবিশেষজ্ঞ ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া চিকিৎসক তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে সঠিক তথ্য দিতে পারেননি।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আরিফুর রহমান (২৮) ও তাঁর সহযোগী আলতাবুর রহমান (৩৫)। আরিফুরের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার মোড়াদিয়া গ্রামে এবং আলতাবুরের বাড়ি কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের মানগাঁওয়ে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরিফুর গত শনিবার সকালে কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ব্যানার টানিয়ে ‘চক্ষু শিবির’ চালু করেন। তিনি নিজেকে চক্ষুরোগের বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। এ জন্য ৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত চিকিৎসা ফি আদায় করা হয়।সূত্র জানায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি আহমদ বেলা তিনটার দিকে বন্যাকবলিত কাদিপুরে ত্রাণ বিতরণ করতে যান। এ সময় তাঁরা চক্ষুশিবিরে যান এবং আরিফুর ও আলতাবুরের সঙ্গে কথা বলেন। কথাবার্তায় সন্দেহ হলে তাঁরা ওই দুই ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দেন।কুলাউড়া থানার পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের সময় আরিফুর ঢাকার মতিঝিল এলাকার ‘মেডিকেল ইনস্টিটিউট অব হেলথ ট্রেনিং সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানের সনদ দেখিয়েছেন। কিন্তু সনদপত্রে উল্লিখিত মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। তাছাড়া তিনি নিজেকে উচ্চমাধ্যমিক পাস দাবি করলেও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে।