কুলাউড়ায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আটজন আহত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছে। দুটি সংগঠনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কুলাউড়া ডিগ্রি কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত রাখতে কর্তৃপক্ষ কলেজ সাময়িক বন্ধ ঘোষণা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে কুলাউড়া ডিগ্রি কলেজ ও শহরের উছলাপাড়া এলাকায় পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, সদস্য কামাল আহমদ, কলেজ শাখার সভাপতি ইকবাল হোসেন ও সম্পাদক রুবেল আহমদ এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, কলেজ শাখার সহসভাপতি মুহিবুর রহমান সায়েম, ছাত্রদল কর্মী শামছুল ইসলাম ও রমিজ আহত হয়েছেন। তাঁরা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের সময় একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। এ ঘটনার জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করছে। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, গত বুধবার তাঁদের দুই কর্মী ছাত্রদলের মিছিলে না যাওয়ায় ছাত্রদল তাঁদের মারধর করে। গতকাল বৃহস্পতিবার বিষয়টির নিষ্পত্তির জন্য বসলে ছাত্রদল হামলা করে। অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রেণীকক্ষে বসা নিয়ে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় ছাত্রদল কলেজ শাখার নেতারা এগিয়ে এলে ছাত্রলীগ তাঁদের ওপর হামলা করে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান সংঘর্ষের বিষয় নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পরিস্থিতি শান্ত আছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন আছে।’