কুলাউড়ায় ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই খুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দৌলতপুর এলাকায় গত বুধবার রাতে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে হামলায় রুমিন আলী (২২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তাঁর বাড়ি স্থানীয় পৃথ্বিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামে।নিহত রুমিন আলী রবিরবাজারের একটি কম্পিউটার কম্পোজের দোকানে কর্মচারীর কাজ করতেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, নিহত রুমিনের ছোট ভাই সুমিন (১৭) পাঁচ-ছয় দিন আগে দৌলতপুরের আবদুল মজিদের দোকান থেকে মুঠোফোনের জন্য ২০ টাকা বাকিতে ‘ফ্লেক্সিলোড’ নেন। পরে টাকা পরিশোধ না করায় দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বুধবার রাত নয়টার দিকে আবদুল মজিদ ও তাঁর আত্মীয়স্বজনেরা সুমিনকে রাস্তায় পেয়ে আটকে রাখেন। খবর পেয়ে ভাইকে রক্ষা করতে রুমিন সেখানে গেলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। পরে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।