কুলাউড়ায় জমি নিয়ে বিরোধে নিহত ২
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দীঘলকান্দি গ্রামে গতকাল সোমবার রাতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।
নিহত ব্যক্তিরা হলেন আলফু মিয়া (৪৫) ও মাসুক মিয়া (৪০)। তাঁদের বাড়ি উপজেলার বুধপাশা গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দীঘলকান্দি গ্রামের শাহীন আহমদ ও সুন্দর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। সুন্দর আলী সম্প্রতি বিরোধপূর্ণ জায়গায় একটি কাঁচাঘর নির্মাণ করেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে শাহীন তাঁর লোকজন নিয়ে ওই জায়গায় গেলে উভয় পক্ষ দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধারালো অস্ত্রের কোপে শাহীনের পক্ষের আলফু ও মাসুক গুরুতর আহত হন। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে আলফু ও মাসুকের মৃত্যু হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রতিপক্ষের সুন্দর আলীসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান আজ মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য দুজনের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ না পাওয়ায় মামলা হয়নি।