কুলাউড়ায় ঝুঁকিতে মনু নদের প্রতিরক্ষা বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে পাহাড়ি ঢল নামায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ও হাজীপুর ইউনিয়নের তিনটি স্থানে মনু নদের প্রতিরক্ষা বাঁধ ঝুঁকির মুখে পড়েছে। বাঁধের পাশের কয়েকটি পরিবার ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।
এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, তিন-চার দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। এর ফলে উজান থেকে পাহাড়ি ঢল নামায় মনু নদে পানি বেড়ে গেছে। এ কারণে শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে নদের প্রতিরক্ষা বাঁধের প্রায় ৮০ মিটার, হাজীপুর ইউনিয়নের মন্দিরা গ্রামে প্রায় ৫০ মিটার ও বারইগ্রামে প্রায় ৫০ মিটার জায়গা ঝুঁকিতে পড়েছে।
শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জোনাব আলী গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে প্রথম আলোকে বলেন, তিনি সকালে নিশ্চিন্তপুরে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ পরিদর্শন করেছেন। ঢল অব্যাহত থাকায় যেকোনো সময় বাঁধটি ভেঙে যেতে পারে। বাঁধটি ভেঙে গেলে কুলাউড়াসহ আশপাশের কমলগঞ্জ ও রাজনগর উপজেলার ২০-২৫টি গ্রাম প্লাবিত হবে। বিষয়টি তিনি পাউবোর কর্মকর্তাদের জানিয়েছেন।
জোনাব আলী অভিযোগ করেন, পাঁচ-ছয় মাস আগে পাউবোর উদ্যোগে নিশ্চিন্তপুরে দায়সারাভাবে বাঁধের সংস্কারকাজ হয়েছে। ঢলে বাঁধের পাশে ফেলা বালুর বস্তা ভেসে গেছে।
হাজীপুর ইউপির চেয়ারম্যান আবদুল বাছিত গতকাল বেলা দেড়টার দিকে মুঠোফোনে বলেন, নদে পানি বাড়ছে। বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ইতিমধ্যেই মন্দিরা ও বারইগ্রামের ৩০-৩৫টি পরিবার বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। এসব স্থানে বাঁধ ভেঙে পড়লে তাঁর এলাকার সাত-আটটি গ্রাম প্লাবিত এবং রোপা আমন ধানের খেত তলিয়ে যাবে। মন্দিরা ও বারইগ্রামের বাঁধেও পাউবো দায়সারা সংস্কারকাজ করেছে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রব বলেন, মনু নদে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুলাউড়ায় নদের প্রতিরক্ষা বাঁধের তিনটি স্থানে ঝুঁকির বিষয়টি তিনি জেনেছেন। তাঁরা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।