কুলাউড়ায় টিলায় বসবাসকারীদের সরে যেতে মাইকিং
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ও বরমচাল ইউনিয়নে ঝুঁকিপূর্ণ টিলায় বসবাসকারী ব্যক্তিদের সরে যেতে গত শনিবার বিকেলে মাইকিং করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের উদ্যোগে এ মাইকিং করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটেরা ও বরমচাল ইউনিয়নের বিভিন্ন ঝুঁকিপূর্ণ টিলার ওপর ও পাদদেশে কিছু পরিবার বসবাস করে। তিন-চার দিন ধরে বৃষ্টি হওয়ায় টিলাধসের আশঙ্কা দেখা দেয়। এ পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মো. গোলাম রাব্বী শনিবার সকালে দুটি ইউনিয়নের কয়েকটি ঝুঁকিপূর্ণ টিলা পরিদর্শন করেন। এ সময় তিনি (ইউএনও) ইউপি চেয়ারম্যানদের মাইকিং করাতে বলেন। বিকেলে মাইকিং করা হয়।
ইউএনও চৌধুরী মো. গোলাম রাব্বী গতকাল রোববার বিকেলে বলেন, কতটি পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এর তালিকা তৈরি করতে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।