কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে খালেদা আক্তার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন। তাঁর বাড়ি রাউৎগাঁও ইউনিয়নের দক্ষিণ নর্ত্তন গ্রামে। বাবার নাম মৃত আবদুল মান্নান। কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ (জিআরপি) তাঁর লাশ উদ্ধার করেছে। জিআরপি থানার পুলিশ ও নিহত ছাত্রীর স্বজনদের ভাষ্য অনুযায়ী, খালেদা চলতি এইচএসসি পরীক্ষায় স্থানীয় লংলা আধুনিক মহাবিদ্যালয় কেন্দ্রে অংশ নেন। বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে গতকাল সকাল আটটার দিকে তিনি বাড়ি থেকে কেন্দ্রের উদ্দেশে রওনা দেন। সোয়া আটটার দিকে দক্ষিণ নর্ত্তন এলাকায় কাফুয়া-ফানাই রেলসেতুর কাছে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। কুলাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কান্তি বড়ুয়া জানান, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মেয়েটি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।