কুলাউড়ায় ডাকাতি আটক ৩, একজনের চোখ উৎপাটন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সিংহনাদ গ্রামে গত শনিবার গভীর রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে গতকাল সকালে আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।এর মধ্যে এক ব্যক্তির ডান চোখ উপড়ে ফেলেছে ক্ষুব্ধ লোকজন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ব্যক্তিরা হচ্ছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাউৎগাঁও গ্রামের জামাল উদ্দিন (৩০), ওসমানীনগর থানার বুরুঙ্গা গ্রামের দৌলত মিয়া (৩৫) এবং কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর গ্রামের কবির হোসেন (২৩)।পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে দরজা ভাঙার কাজে ব্যবহূত একটি লোহার শাবল, লুট হওয়া কিছু কাপড় ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেল পাঁচটায় বলেন, স্থানীয় লোকজন আটক ব্যক্তিদের প্রথমে পুলিশের কাছে সোপর্দ করতে চায়নি। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় তাদের রাজি করানো হয়।