কুলাউড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গৃহবধূ ও তাঁর বোন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ধর্ষণে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক গৃহবধূ ও তাঁর ছোট বোনের আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানা যায়, লালারচক গ্রামের ওই গৃহবধূর (২৫) স্বামী দুবাইয়ে থাকেন। বুধবার রাতে তিনি ও তাঁর ছোট বোন (১৫) একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। গতকাল ভোররাত চারটার দিকে তিনজন দুর্বৃত্ত বাঁশের বেড়া ভেঙে ঘরে ঢুকে তাঁদের ধর্ষণের চেষ্টা চালায়। এতে বাধা দিলে দুর্বৃত্তরা তাঁদের ছুরিকাঘাত করে। এ সময় তাঁদের চিৎকারে অন্য কক্ষের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত ব্যক্তিরা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের চিকিৎসক চিত্তরঞ্জন বণিক চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।