কুলাউড়ায় দোকানের ভেতর কর্মচারী খুন
মৌলভীবাজারের কুলাউড়ায় গত মঙ্গলবার রাতে একটি ওষুধের দোকানের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা এক কর্মচারীকে হত্যা করেছে। নিহত ব্যক্তির নাম অরবিন্দ চক্রবর্তী (৩৫)।কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজার এলাকার লাবণী ড্রাগ হাউসের তালা ভেঙে গতকাল বুধবার সকালে অরবিন্দের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামে। এ ঘটনায় নিহত অরবিন্দের ভাই কেশব চক্রবর্তী গতকাল দুপুরে অজ্ঞাতনামাদের আসামি করে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা করেন।মামলার এজাহার, পুলিশ ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, লাবণী ড্রাগ হাউসের মালিক দেবু ভট্টাচার্য কয়েক দিন আগে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। তাঁর ওষুধের দোকানের দায়িত্ব দিয়ে যান কর্মচারী অরবিন্দের ওপর। তিনি ছাড়াও দোকানে আরও তিনজন কর্মচারী আছেন। অরবিন্দ দোকানের ভেতরে একটি কক্ষে রাতে থাকতেন। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সহকর্মীরা চলে যান।গতকাল সকাল ১০টার দিকে অন্য কর্মচারীরা এসে দেখেন, দোকান বন্ধ। কিছুক্ষণ ডাকাডাকি করেও ভেতর থেকে তাঁরা কোনো সাড়া পাচ্ছিলেন না। একপর্যায়ে তাঁরা বিষয়টি পুলিশ ও স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতাদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের শার্টারের তালা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে অরবিন্দের লাশ পায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ছাড়া দোকানের টিনের চালের কিছু অংশ কাটা এবং ড্রয়ার খোলা দেখা গেছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।দোকানের মালিক দেবু ভট্টাচার্য গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত সোমবার তিনি মানিকগঞ্জে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। খবর পেয়ে তিনি বাড়িতে এসেছেন। তবে হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছুই ধারণা করতে পারছেন না।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান প্রথম আলোকে বলেন, চালের টিন কেটে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দোকান থেকে কোনো কিছু লুট হয়েছে বলে জানা যায়নি। এ ঘটনায় দোকানের তিন কর্মচারী মনির, মতিউর ও সুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।