কুলাউড়ায় নিখোঁজ ৩ শিক্ষার্থী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজ তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রাজধানীতে কমলাপুর রেলস্টেশন থেকে গত মঙ্গলবার রাতে দুজনকে আর কুলাউড়া জংশন রেলস্টেশন থেকে গতকাল বুধবার একজনকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও পরিবার বলেছে, কুলাউড়া সদর ইউনিয়নের কুলাউড়া গ্রামের বাসিন্দা ক্ষিতীশ চন্দের মেয়ে পপি চন্দ (১৩) ও মো. রহিম মিয়ার মেয়ে আয়শা আক্তার রিয়া (১৩) কুলাউড়া পৌর শহরে অবস্থিত রাবেয়া আদর্শ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে গত সোমবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তারা নিখোঁজ হয়। আর পৌর শহরের আহমদাবাদ এলাকার মাসুক ঢালির ছেলে ও স্থানীয় নবীন চন্দ্র উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রানা ঢালি (১৩) একই দিন বিকেলে বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় তাদের অভিভাবকেরা কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ বলেছে, কমলাপুর রেলস্টেশনে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে পপি ও আয়শাকে উদ্ধার করে পুলিশ। এরপর শাহজাহানপুর থানায় নিয়ে যাওয়া হয় তাদের। খবর পেয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা ওই দিন রাতেই ঢাকার উদ্দেশে রওনা হন। আর রানাকে পাওয়া যায় কুলাউড়া জংশন রেলস্টেশনে গতকাল। এ সময় তার সঙ্গে ফাহিম (১৮) নামের এক তরুণকেও পাওয়া যায়। তাঁর বাড়ি কুলাউড়া পৌর শহরের আহমদাবাদ এলাকায়।
ওসি গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পপি ও আয়শাকে নিয়ে তিনি ঢাকা থেকে কুলাউড়ায় যাচ্ছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা (পপি ও আয়শা) বলেছে, বিদ্যালয়ে পৌঁছানোর পর অজ্ঞাতপরিচয়ের এক নারী তাদের নাকের কাছে রুমাল চেপে ধরে। এর পরের ঘটনা সম্পর্কে তাদের আর কিছু জানা নেই।
তবে পপি ও আয়শার দেওয়া এ তথ্য সত্য নয় দাবি করে ওসি বলেন, পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকায় দুজনে কোথাও পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।