কুলাউড়ায় নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসার নৈশপ্রহরী সুজিত দাস (২২) তাঁর থাকার ঘরের কড়িকাঠে ঝুলে আত্মহত্যা করেছেন।গত সোমবার সন্ধ্যায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কুলাউড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান চৌধুরীর নৈশপ্রহরী সুজিত দাসের লাশ তাঁর থাকার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি (সুজিত দাস) ও বাবুর্চি কাম মালি নাসির মিয়া (২২) উপজেলা নির্বাহী কর্মকর্তার দালানের পেছনের একটি টিনশেড ঘরে থাকতেন।১২ মে ইউএনও অসুস্থ হয়ে সিলেট চলে যান। সোমবার বাবুর্চি নাসির মিয়া ও অন্যরা তাঁকে (ইউএনও) দেখতে সিলেট যান। বাবুর্চি ফিরে এসে সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটে ঘরে গিয়ে দেখেন, চৌকির ওপর সুজিত দাস দাঁড়িয়ে আছেন। পরে কাছে গিয়ে দেখা যায়, তিনি ফাঁস লেগে ঝুলে আছেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সুজিত দাস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সুনীল দাসের ছেলে।