কুলাউড়ায় পাঁচটি জায়গা ঝুঁকিপূর্ণ, মেরামতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশায় মনু নদের বাঁধের পাঁচটি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে তা মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী। তাদের আশঙ্কা, বাঁধের যেকোনো একটি স্থান ভেঙে গেলে উপজেলার সাত-আটটি ইউনিয়নসহ হাকালুকি হাওরাঞ্চল বন্যাকবলিত হবে।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর এলাকার বেলেরতলের বাঁধের প্রায় ৪০০ ফুট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ছাড়া রাজাপুর বড়বাড়ি, কলিরকোনা মণিপুরী বাড়ি ও ময়ূর আলীর বাড়ির সামনে এবং শিপরীয়া এলাকার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় লোকজনের আশঙ্কা, আসন্ন বর্ষা মৌসুমে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে যাবে। এই বাঁধ ভেঙে গেলে পৃথিমপাশা, কর্মধা, ভুকশিমইল, রাউৎগাঁও, কাদিপুর, টিলাগাঁও, ব্রাহ্মণবাজার, কুলাউড়া ইউনিয়নসহ হাকালুকি হাওরাঞ্চল বন্যাকবলিত হয়ে পড়বে। স্থানীয় লোকজন জানায়, বেলেরতল এলাকায় কয়েক দিন ধরে বাঁধ মেরামতের কাজ শুরু হলেও তা অত্যন্ত ধীরগতিতে চলছে। বর্ষা মৌসুম শুরুর আগে সেই কাজ শেষ হওয়ার সম্ভাবনাও নেই। বাঁধ মেরামতের দাবিতে কয়েক দিন ধরে পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এলাকাবাসীর উদ্যোগে সভা-সমাবেশ হয়েছে। স্থানীয় বাসিন্দা সৈয়দ মোশাররফ আলী বলেন, ‘আমরা আতঙ্কের মধ্যে আছি। বৃষ্টি হলেই বাঁধ ভেঙে যাবে।’ পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবাব আলী খান বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড স্থায়ী কোনো কাজ করছে না। অস্থায়ীভাবে বেলেরতলে কাজ করছে। কিন্তু তাও সঠিকভাবে করছে না। এই কাজ দিয়ে বাঁধের ভাঙা রোধ করা সম্ভব নয়।’ পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দরপত্রের শর্ত অনুযায়ীই কাজ করতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধিসহ এলাকার মানুষের সহযোগিতা দরকার। এদিকে পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানিয়েছে, অর্থ বরাদ্দ না থাকায় বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামত করা যাচ্ছে না।