কুলাউড়ায় পিট কয়লার সন্ধান!
মাছের খামার করার জন্য প্রায় দুই মাস আগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আখালি নদীর তীর ঘেঁষে একটি পুকুর খনন করা হয়। পুকুরের পাড়ে ফেলে রাখা হয় কাদামাটি। পরে শুকানোর পর ওই কাদামাটিতে পাওয়া যাচ্ছে কালো রঙের শক্ত ছোট-বড় খণ্ড। এলাকাবাসীর দাবি, সেগুলো কয়লা।খবর পেয়ে গত শুক্রবার প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের নাছনি গ্রামের মনছব মিয়া মাছের খামার করার জন্য আখালি নদীর তীরসংলগ্ন প্রায় এক বিঘা জমিতে পুকুর খনন করেন। ওই পুকুর থেকে খোঁড়া মাটি শুকানোর পর সেখানে কয়লার সন্ধান পান। খবর পেয়ে শুক্রবার বিকেলে কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল হক ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিক আহমদ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু নমুনা সংগ্রহ করেন।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, খনন করা পুকুরের মাটি কোদাল দিয়ে সরিয়ে কিছু লোক কালো রঙের খণ্ড সংগ্রহ করছে। আখালি নদী থেকে দু-তিন কিলোমিটার দূরে দেশের বৃহত্তম হাওর হাকালুকির একাংশের অবস্থান।মনছব মিয়ার ভাতিজা রমিজ উদ্দিন এই প্রতিবেদককে বলেন, পাঁচ-ছয় দিন আগে শ্রমিকেরা তাঁকে জানান, পাড়ে ফেলে রাখা মাটির মধ্যে কালো রঙের শক্ত খণ্ড পাওয়া যাচ্ছে। পরে তিনি সেখান থেকে ৮-১০ কেজি ওজনের কিছু খণ্ড সংগ্রহ করে নিজেদের মালিকানাধীন ইটভাটায় নিয়ে পরীক্ষা করে দেখেন, খণ্ডগুলো কয়লা। রমিজের ভাষ্যমতে, ভারত থেকে আমদানি করা কয়লার চেয়েও এটি উন্নত। তাঁর ধারণা, আখালির তীরে মাটির নিচে কয়লার খনি রয়েছে।এ ব্যাপারে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক পুলককান্তি দেব প্রথম আলোকে বলেন, ‘মাটির সঙ্গে মিশে থাকা খণ্ডগুলো পিট কয়লা হতে পারে। এ কয়লা সাধারণত একটু নরম থাকে। এর আগে সুনামগঞ্জেও পিট কয়লার সন্ধান পাওয়া যায়। হাওর এলাকা বছরের ছয় মাস জলাবদ্ধ থাকে। ফলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও জীবজন্তু পচে তা পিট কয়লায় রূপান্তরিত হতে পারে। তবে সংগৃহীত খণ্ডগুলো শক্ত হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার দরকার।’কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল হক বলেন, ‘আখালির তীরে পাওয়া কালো খণ্ডগুলো কয়লা কি না, আমরা তা নিশ্চিত নই। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলেছি পুকুরের পানি সরিয়ে নিচের অংশ ভালোভাবে খুঁড়ে দেখতে। কয়লা থাকলে নিশ্চয়ই পুকুরের নিচেও তার অস্তিত্ব পাওয়া যাবে।’