কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ের বইসহ শিক্ষক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় গুদাম থেকে প্রাথমিক বিদ্যালয়ের বই চুরি করে নিয়ে যাওয়ার সময় নাজির আহমদ নামে এক শিক্ষককে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিভিন্ন বিষয়ের ৩৮০টি বই উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।বইগুলো আগামী বছর (২০১৩) বিতরণের জন্য গুদামঘরে রাখা হয়েছিল। নাজির আহমদ উপজেলার মুহিবুর রহমান নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে রিকশায় করে চারটি বস্তায় বই নিয়ে যাওয়ার সময় উপজেলা শিক্ষা কার্যালয়ের লোকজন শিক্ষক নাজির আহমদকে আটক করেন। পৃথক গুদামঘর না থাকায় বইগুলো উপজেলা পরিষদসংলগ্ন রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে অবস্থিত উপজেলা রিসোর্স সেন্টারের দুটি কক্ষে রাখা হয়েছিল। চারটি বস্তা থেকে প্রথম শ্রেণীর বাংলা ৯৪টি, গণিত ৯৬টি ও ইংরেজি ৯৫টি এবং দ্বিতীয় শ্রেণীর বাংলা ৯৫টি বই উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে কুলাউড়া থানা পুলিশে সোপর্দ করা হয়। কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আটক বইগুলো আগামী বছরে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য এসেছে। আমরা এখন গুনে দেখছি, গুদামে হিসাবমতো বই আছে কি না। গুদামঘর ও বিদ্যালয়ের ফটকের চাবি নকল বানিয়ে তিনি বই নেওয়ার কথা স্বীকার করেছেন।’ কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম নেওয়াজ গতকাল প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেছেন।