কুলাউড়ায় প্রেমিক যুগলের আত্মহত্যা
পরিবার তাঁদের প্রেমের সম্পর্ক মেনে নেবে না বুঝতে পেরে আত্মহত্যা করেছে দুই তরুণ-তরুণী। সম্পর্কে তাঁরা খালাতো ভাইবোন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া ইউনিয়নের গাজীপুর চা-বাগানের একটি সেগুনগাছ থেকে গতকাল সোমবার তাঁদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মৃত দুজনের নাম চুটল রবিদাস (১৯) ও লক্ষ্মী রবিদাস (১৬)। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুই বছর ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের দর্শন রবিদাসের ছেলে চুটল রবিদাস কুলাউড়া উপজেলার গাজীপুর চা-বাগানে তাঁর খালার বাসায় থাকতেন।
একপর্যায়ে খালাতো বোন গাজীপুর শাহ সুন্দর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী লক্ষ্মীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেবে না বুঝতে পেরে তাঁরা আত্মহত্যা করেন। গতকাল ভোরে লোকজন গাজীপুর চা-বাগানের একটি সেগুনগাছে তাঁদের লাশ ঝুলতে দেখেন। পরে কুলাউড়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় লক্ষ্মীর কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।
এটিতে অভিভাবকদের উদ্দেশে লেখা রয়েছে, ‘আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোমরা মেনে নিবে না। তাই আত্মহত্যা করছি...।’ এই ঘটনায় কুলাউড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কুলাউড়া থানার ওসি মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।