কুলাউড়ায় বালু তোলায় ঝুঁকিতে দুটি সেতু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে মনু নদ থেকে বালু তোলায় ওই এলাকায় অবস্থিত দুটি সেতু ঝুঁকির মুখে পড়েছে। এসব সেতুর কাছ থেকে বালু তুলতে গতকাল বুধবার প্রশাসন ইজারাদারকে নির্দেশ দিয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীপুরে মনু রেলস্টেশনের কাছে মনু নদের ওপর একটি রেল সেতু এবং এর পাশে কটারকোনা বাজারের কাছে একই নদের ওপর একটি সড়ক সেতু রয়েছে। মনু রেল সেতুটি সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনার (কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই) মধ্যে পড়েছে। মনু নদ বালুমহাল প্রতিবছর মৌলভীবাজারের জেলা প্রশাসন থেকে ইজারা দেওয়া হয়। এবার স্থানীয় কিছু লোক মিলে ৮০ লাখ টাকায় মহালটি ইজারা নিয়েছেন। দীর্ঘদিন ধরে ইজারাদারেরা দুটি সেতুর ৩০০-৪০০ মিটার দূর থেকে খননযন্ত্রের মাধ্যমে বালু তুলছেন। ফলে দুটি সেতুর দুই পাড়ের মাটি ধসে পড়ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মো. গোলাম রাব্বী ও কুলাউড়া থানার ওসি শামীম মুসা সরেজমিনে দুটি সেতু এলাকা পরিদর্শনে যান। এ সময় হাজীপুর ইউপি চেয়ারম্যান আবদুল বাছিত সেখানে উপস্থিত ছিলেন।
আবদুল বাছিত বলেন, খননযন্ত্র দিয়ে বালু তোলায় তাঁর এলাকার কটারকোনা, হাসিমপুর ও মাহতাবপুর এবং পাশের টিলাগাঁও ইউনিয়নের ধুন্দলপুর গ্রামে মনু নদে ভাঙনের সৃষ্টি হয়েছে।
ইউএনও চৌধুরী মো. গোলাম রাব্বী বিকেলে প্রথম আলোকে বলেন, ২০১০ সালের বালু ও মাটিব্যবস্থাপনা আইন অনুযায়ী কোনো সেতু বা কালভার্টের দুই পাশের এক কিলোমিটার এলাকা থেকে বালু উত্তোলন করা নিষিদ্ধ। অথচ মনু রেল ও কটারকোনা সড়ক সেতুর খুব কাছ থেকে বালু তোলায় এসব স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। দুটি সেতুর মধ্যবর্তী স্থান ও দুই পাশের এক কিলোমিটার এলাকা থেকে বালু না তুলতে ইজারাদারকে নিষেধ করা হয়েছে। এ ছাড়া সেতু দুটি রক্ষায় মনু নদ বালুমহালের ইজারা বাতিলের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
এ ব্যাপারে বালুমহালের অন্যতম ইজারাদার খালেদ আহমদ মুঠোফোনে দাবি করেন, মনু রেল ও কটারকোনা সড়ক সেতুর মধ্যবর্তী স্থানটি ইজারায় অন্তর্ভুক্ত রয়েছে। তাই সেখান থেকে বালু তোলা হচ্ছে। প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়টি তাঁরা জেনেছেন। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার তাঁরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করবেন।