কুলাউড়ায় বাল্যবিবাহ ঠেকালেন সামাজিক সংগঠনের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম শ্রেণির (১৬) ছাত্রীটির বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল গতকাল বৃহস্পতিবার। তবে এর আগেই তার বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছেন স্থানীয় একটি সামাজিক সংগঠনের কর্মীরা। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে গত বুধবার বিকেলে ঘটেছে এ ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রীটি স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। শিক্ষাপ্রতিষ্ঠানের নথি অনুযায়ী, তার জন্ম ২০০১ সালের ১০ জানুয়ারি। সে হিসাবে বয়স প্রায় ১৬ বছর। সম্প্রতি স্বজনেরা পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক করেন। বুধবার বিকেলের দিকে হাতে মেহেদি পরিয়ে ছাত্রীর গায়েহলুদ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সময় খবর পেয়ে স্থানীয় বাল্যবিবাহ প্রতিরোধ ক্লাব নামের একটি সামাজিক সংগঠনের কর্মীরা ছাত্রীর বাড়িতে যান। তাঁরা বাল্যবিবাহের কুফল ও আইনি বাধ্যবাধকতার কথা তুলে ধরে মেয়েটির বিয়ে বন্ধের অনুরোধ করলে অভিভাবকেরা সম্মত হন। ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না বলেও অভিভাবকেরা অঙ্গীকার করেন।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন গতকাল বিকেলে বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধ ক্লাবের কর্মীরা তথ্যপ্রমাণসহ আমার অফিসে এসে বিষয়টি জানিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানও বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের পাশাপাশি সচেতন জনগণকেও এগিয়ে আসতে হবে।’