মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির উপজেলা কমিটির বিবদমান দুই পক্ষের বিরোধ চরমে উঠেছে। দলের একাংশের নেতা সাবেক সাংসদ এম এম শাহীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় এ বিরোধ দেখা দিয়েছে। একটি পক্ষ গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে এর সমালোচনা করেছে। এ ছাড়া গত রোববার রাতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এদিকে দুই পক্ষের বিরোধ নিয়ে সংবাদ পরিবেশন করায় স্থানীয় এক সাংবাদিককে ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই সাংবাদিক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির একাংশের উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে গত শনিবার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে বর্ধিত সভা হয়। ওই অংশের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদিন সভায় সভাপতিত্ব করেন। সেখানে সাবেক সাংসদ এম এম শাহীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে উপজেলা কমিটির নির্বাহী সদস্যপদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। সূত্র জানায়, এর প্রতিবাদে বিএনপির অপর অংশের উপজেলা ও পৌর কমিটি যৌথভাবে গতকাল বেলা ১১টায় পৌর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পড়েন পৌর কমিটির সাধারণ সম্পাদক মুজিবুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে ওই অংশের উপজেলা কমিটির সভাপতি ও কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক এম এ মজিদ, মুহিবুর রহমান, খালেদ লাকী প্রমুখ উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে বলা হয়, শাহীনকে দলে অন্তর্ভুক্ত করা একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি (শাহীন) দলের চেয়ে নিজের স্বার্থকেই সব সময় বড় করে দেখেন। তাই দলের নিবেদিতপ্রাণ নেতা-কর্মীরা তাঁর পুনরায় যোগদান যেকোনো মূল্যে প্রতিহত করবেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শাহীনকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ও তাঁকে স্বাগত জানিয়ে গত রোববার রাত আটটার দিকে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা পৌর শহরে পাল্টাপাল্টি মিছিল বের করেন। এ সময় চৌমোহনা এলাকায় দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সিলেট থেকে প্রকাশিত দৈনিক যুগভেরী পত্রিকার স্থানীয় সংবাদদাতা আবদুর রব জানান, বিএনপির দুই পক্ষের বিরোধ নিয়ে গত রোববার তিনি একটি সংবাদ পরিবেশন করেন। ওই দিন সন্ধ্যায় এম এম শাহীন পরিচয়ে এক ব্যক্তি বিটিসিএলের একটি নম্বর (০২-৯৬৬৫০৯০) থেকে সংবাদটির বিষয়ে কৈফিয়ত চেয়ে তাঁকে গালাগাল করেন এবং অপহরণের হুমকি দেন। এ ব্যাপারে তিনি রাতে থানায় একটি জিডি করেন।দলের একাংশের সংবাদ সম্মেলনে অভিযোগ সম্পর্কে এম এম শাহীন বলেন, ‘আমার সমালোচনা করা তাঁদের পুরোনো অভ্যাস। দলের বৈধ কমিটিই আমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।’ সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ অস্বীকার করে শাহীন জানান, অন্য কেউ কাজটি করতে পারে। তবে নম্বরটি তাঁর ঢাকার কার্যালয়ের বলে স্বীকার করেছেন।কুলাউড়া থানার ওসি মো. কামরুল হাসান বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া ও জিডির সত্যতা নিশ্চিত করেছেন।