কুলাউড়ায় বিএনপির দুটি পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি পণ্ড
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল শুক্রবার বিএনপির বিবদমান দুটি পক্ষের ডাকা পাল্টাপাল্টি কর্মসূচি পণ্ড হয়ে গেছে।দলীয় ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বিএনপির উপজেলা ও পৌর কমিটির একাংশ যৌথভাবে কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে গতকাল বিকেল তিনটায় একটি সভা ডাকে।দলের উপজেলা ও পৌর কমিটির অপর অংশ টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রকল্পের প্রতিবাদে একই এলাকায় বিকেল সাড়ে তিনটায় আরেকটি সমাবেশ আহ্বান করে। গতকাল দুপুর থেকে উভয় পক্ষের অনুষ্ঠানস্থলে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করলে উত্তেজনা দেখা দেয়। এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে পুলিশ উভয় পক্ষের নেতাদের ডেকে কর্মসূচি বন্ধ রাখার অনুরোধ করে। পরে উভয় পক্ষ মঞ্চ, তোরণ ও মাইক সরিয়ে ফেলে।বিএনপির একাংশের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রেদোয়ান খান অভিযোগ করে বলেন, পুলিশ তাঁদের কর্মসূচিতে বাধা দিয়েছে। এটাকে তিনি অগণতান্ত্রিক আচরণ বলে উল্লেখ করেন।দলের অপর অংশের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, ‘পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। আগামী কয়েক দিনের মধ্যেই আমরা একই দাবিতে বৃহ ৎ পরিসরে সমাবেশ করব।’কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা কাউকে বাধা দিইনি। ব্যস্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উভয় পক্ষকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে অনুরোধ করেছি।’