কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাংবাদিকসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের মধ্য চাতলগাঁও এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল শুক্রবার এক সাংবাদিকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) স্থানীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। নিহত ব্যক্তিরা হলেন মধ্য চাতলগাঁওয়ের বাসিন্দা আবদুর রশীদ (৫৫) ও ছানু মিয়ার ছেলে জসিম উদ্দিন (১৩)। রশীদ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঢাকা ও সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার স্থানীয় সংবাদদাতা ছিলেন।স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আবদুর রশীদ ঘাস কাটতে জসিমকে নিয়ে বাড়ির লাগোয়া মাঠে যান। এ সময় ওপর দিয়ে টানানো ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন থেকে একটি তার হঠাৎ ছিঁড়ে পড়লে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রশীদ মারা যান। জসিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানাজা শেষে সন্ধ্যা সাতটায় রশীদকে চাতলগাঁও গোরস্থানে দাফন করা হয়। এদিকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জসিম মারা যায়।এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রাত আটটার দিকে ৫০-৬০ জন লোক লাঠিসোঁটা নিয়ে চাতলগাঁও এলাকায় অবস্থিত পিডিবির কার্যালয়ে ঢুকে ভাঙচুর শুরু করে। কর্মকর্তা-কর্মচারীরা এ সময় দরজা বন্ধ করে ভেতরে অবস্থান নেন। সোয়া আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।