মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতে একটি হাতি পাচারকালে ভারতীয় নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন।
পুলিশ, বন বিভাগ ও বিজিবি ১৪ ব্যাটালিয়নের মুরইছড়া সীমান্ত ফাঁড়ি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে একটি হাতি ভারতে পাচার করছিলেন একজন ভারতীয় নাগরিকসহ দুই ব্যক্তি। তাঁদের আটক করেন ফাঁড়ির সদস্যরা। আটককৃতরা হচ্ছেন কুলাউড়ার জয়পাশা গ্রামের তমছির মিয়ার ছেলে আইনুল হক (৩৬) এবং ভারতের উত্তর ত্রিপুরার সফরিকান্দি গ্রামের হাজী আবদুস সাত্তারের ছেলে ওয়ারিছ মিয়া (৪০)। রাতেই বিজিবি আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আজিজুর রহমানের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবারই ওই দুজনকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে। হাতিটি বন বিভাগের কুলাউড়া রেঞ্জে হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য বলেন, ‘হাতির মালিক আমাদের কাছে মালিকানার কাগজপত্র জমা দিয়েছেন। যাচাই শেষে প্রাণীটি মালিকের কাছে দেওয়া হতে পারে।’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, হাতিটি পোষ মানা। এ অঞ্চলে (মৌলভীবাজারে) এ রকম ৫০ থেকে ৬০টি হাতি আছে। গাছ পরিবহনসহ বিভিন্ন কাজে এ প্রাণীগুলো ব্যবহার হয়ে থাকে।
থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কুমার দাশ বলেন, হাতি পাচারের সময় গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে বিজিবি মামলা করেছে।