কুলাউড়ায় রাবার চোরদের হামলায় চার আনসার সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা সরকারি রাবার বাগানে সংঘবদ্ধ রাবার চোরদের হামলায় সেখানে পাহরায় থাকা চার আনসার সদস্য আহত হয়েছেন। হামলাকারীদের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।কুলাউড়া থানার পুলিশ ও ভাটেরা রাবার বাগান কর্তৃপক্ষ বলেছে, বিকেল চারটার দিকে বাগানের ৫ নম্বর উৎপাদন এলাকায় পাঁচ সদস্যের একটি আনসার দল টহল দিচ্ছিল। এ সময় ওই এলাকায় একদল রাবার চোর গাছে ‘টেপিং’ (গাছ থেকে কষ আহরণের প্রক্রিয়া) করছিল। টহলরত আনসার সদস্যদের দেখে তারা ঝোঁপঝাড়ে লুকিয়ে পড়ে। আনসার সদস্যরা ‘টেপিং’ করা হচ্ছে বুঝতে পেরে চোরদের খুঁজতে থাকেন। অতর্কিতে ঝোঁপের আড়াল থেকে ৩৫-৪০ জন লোক বের হয়ে তাঁদের ওপর রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় হাছন আলী (২৬), ইদরিস আলী (২৬), বিশ্বজিৎ পাল (২৪) ও কামাল হোসেন (২০) আহত হন। হাছন আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইদরিস ও বিশ্বজিৎকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা জানান, আত্মরক্ষার্থে তাঁরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছিলেন। তবে হামলাকারীদের সংখ্যা বেশি হওয়ায় তাঁরা তাদের প্রতিহত করতে পারেননি। তাঁরা জানান, হামলাকারীরা তাঁদের কাছ থেকে তিন রাউন্ড গুলি ছিনিয়ে নেয়। খবর পেয়ে সেখানে অতিরিক্ত আনসার সদস্য ও স্থানীয় এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে তাদের মধ্য থেকে তুরন মিয়া (৫০) নামে একজনকে আনসার সদস্যরা ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। বাগানের ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, রাবারের দাম বেড়ে যাওয়ায় রাবারের কষচোরদের উপদ্রব বেড়ে গেছে। বাগানটির আয়তন ২ হাজার ৮৬৭ একর। এত বড় এলাকা পাহারা দেওয়া তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, বাগানের ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম ১৭ জনের নাম উল্লেখ করে ও ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।