কুলাউড়ায় রাবার বাগানের জায়গা দখলের চেষ্টা
মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের মালিকানাধীন ভাটেরা রাবার বাগানের বিরোধপূর্ণ জায়গা দখলের চেষ্টাকালে দখলকারীরা গতকাল বুধবার আনসার সদস্যদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দখলকারীদের হটাতে আনসার সদস্যরা তিনটি ফাঁকা গুলি ছোড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিকেলে রাবার বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।অভিযোগ, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, উপজেলার ভাটেরা রাবার বাগানের ফুলছড়া এলাকার ১৪/১৯৬৮ নম্বর ব্লকের পাঁচ একর জায়গার মালিকানা নিয়ে বাগান কর্তৃপক্ষের সঙ্গে ভাটেরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বড়গাঁও গ্রামের ফিরোজ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে ফিরোজ মিয়া ২০-২৫ জন লোক নিয়ে বিরোধপূর্ণ জায়গাটি দখলের চেষ্টা চালান। খবর পেয়ে বাগানের সহকারী ব্যবস্থাপক আপ্তাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা জিপ নিয়ে সেখানে যান। একপর্যায়ে আনসার সদস্যরা বাধা দিলে ফিরোজ মিয়ার লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁদের (আনসার) ওপর হামলা চালান। এ সময় আনসার সদস্যরা আত্মরক্ষার্থে তিনটি ফাঁকা গুলি ছুড়লে দখলকারীরা সটকে পড়েন। বাগানের সহকারী ব্যবস্থাপক আপ্তাব উদ্দিন চৌধুরী জানান, তিনি বাদী হয়ে গতকাল বিকেল পাঁচটার দিকে ফিরোজ মিয়াকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।