কুলাউড়ায় শিশুর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল রোববার মারা যাওয়া শিশুটির নাম মো. রিয়াজ মিয়া। সে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পূর্ব ঘাগটিয়া গ্রামের বাসিন্দা দিনমজুর বাচ্চু মিয়ার ছেলে।
মারা যাওয়া শিশুর পরিবার ও থানা-পুলিশ জানায়, রিয়াজ কিছুদিন ধরে পেটব্যথায় ভুগছিল। স্বজনেরা স্থানীয়ভাবে তার চিকিৎসা করায়। গতকাল সকাল ১০টার দিকে প্রতিবেশী কয়েকটি শিশুর সঙ্গে সে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে সে ফিরে এসে বলে, তার পেটে ব্যথা করছে। এর কিছুক্ষণ পর সে মারা যায়। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
শিশুটির বাবা বাচ্চু মিয়া মুঠোফোনে বলেন, পেটব্যথায় তাঁদের ছেলে মারা গেছে। কারও সঙ্গে তাঁদের কোনো পূর্ববিরোধও নেই। তাঁদের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে রিয়াজ সবার ছোট ছিল।
ঘটনাস্থল পরিদর্শনকারী কুলাউড়া থানার উপপরিদর্শক কানাই লাল চক্রবর্তী মুঠোফোনে বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শিশুটির শরীর নীল ছিল। নাকেও রক্ত দেখা গেছে। সাধারণত বিষক্রিয়ায় কেউ মারা গেলে শরীর এ রকম দেখায়। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।