কুলাউড়ায় শিশুর লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়ায় গোগালিছড়া নদী থেকে গতকাল বুধবার জাহিদ হোসেন নামে সাড়ে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কুলাউড়া পৌরসভার দক্ষিণ লস্করপুর এলাকার আছকির আলীর ছেলে।
এলাকাবাসী জানান, আছকিরের প্রথম স্ত্রী বানেছা বেগম। সাত-আট বছর আগে রাহেলা বেগম নামে আরেকজনকে বিয়ে করেন আছকির। জাহিদ দ্বিতীয় স্ত্রীর ছেলে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তিন বছর আগে আছকিরের বিবাহবিচ্ছেদ ঘটে। তবে জাহিদ তার সৎমায়ের কাছে থাকত।
আছকির আলী বলেন, মঙ্গলবার বিকেল থেকে জাহিদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল সকাল ১০টার দিকে উত্তর লস্করপুর এলাকায় গোগালিছড়া নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দেন। সেখানে গিয়ে জাহিদের লাশ শনাক্ত করেন তিনি।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) দিদার উল্লাহ প্রথম আলোকে বলেন, জাহিদের মাথার ডান পাশে ও ডান কানে জখমের চিহ্ন দেখা গেছে। ঘটনাটি হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য জাহিদের বাবা আছকির আলী ও সৎমা বানেছা বেগমকে থানায় আনা হয়েছে।