কুলাউড়ায় সংস্কারের এক মাসেই বাঁধে ধস

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মন্দিরা গ্রামে মনু নদের প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান মাস খানেক আগে সংস্কার করেছিল পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে ওই স্থানটি ধসে গেছে। এতে বাঁধের বিপরীত পাশের ১৫টি পরিবার ঝুঁকির মুখে পড়েছে।
মন্দিরা গ্রামের বাসিন্দা ও হাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আবদুল লতিফ চৌধুরী ক্ষোভের সঙ্গে বলেন, পাউবোর লোকজন দায়সারা কাজ করায় বাঁধের এ অবস্থা হয়েছে। ভাঙন ঠেকাতে তাঁরা স্থানীয়ভাবে উদ্যোগ নিয়েছেন।
পাউবোর কর্মকর্তা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিরক্ষা বাঁধের কিছু অংশে বেশ কিছুদিন আগে ফাটলের সৃষ্টি হয়। এ অবস্থায় জুন মাসের মাঝামাঝি সময় পাউবোর লোকজন বাঁশের বেড়া দিয়ে বালুর বস্তা ফেলে বাঁধের ওই স্থান সংস্কার করেন। সপ্তাহ খানেক আগে ওই স্থানে ধস দেখা দেয়।
সরেজমিনে ২৪ জুলাই বিকেলে দেখা গেছে, বাঁধের প্রায় ১০০ ফুট জায়গা ধসে পড়েছে। ঝুঁকিপূর্ণ ওই স্থান দিয়ে লোকজন চলাচল করছেন।
বাঁধের বিপরীত পাশের বাড়ির বাসিন্দা আরজু মিয়া, কালা মিয়া, সুন্দর মিয়া বলেন, বাঁধটি ভেঙে গেলে নদের পানি ঢুকে অন্তত ১৫টি পরিবারের বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে যাবে। এ অবস্থায় তাঁরা আতঙ্কের মধ্যে আছেন।
পাউবোর কুলাউড়া এলাকার দায়িত্বে থাকা উপবিভাগীয় প্রকৌশলী-২ মো. ইমান আলী গতকাল সোমবার সকালে মুঠোফোনে বলেন, ‘ওই জায়গায় অস্থায়ীভাবে বাঁশের খুঁটি গেড়ে বালুর বস্তা ফেলে স্লোপ প্রোটেকশন (বাঁধের ঢাল রক্ষাব্যবস্থা) দেওয়া হয়েছিল। কিন্তু সেটা টেকেনি। বাঁধের ফাটল দিয়ে বৃষ্টির পানি ঢুকে জায়গাটা ধসে গেছে। এখন এই জায়গাটা মেরামত করতে হলে বেশি টাকা দরকার। শুষ্ক মৌসুম ছাড়া এ কাজ হবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’