মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণবিধি অমান্য করার দায়ে এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সাতটি মোটরসাইকেল আটক এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের আমতল বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার শেষ দিন গত রোববার সন্ধ্যায় শরীফপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী জোনাব আলীর সমর্থকেরা ওই মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত সাতটি মোটরসাইকেল আটক করেন এবং জোনাব আলীর সমর্থকদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।ইউএনও হাফিজুর রহমান চৌধুরী মোটরসাইকেল আটক ও জরিমানার সত্যতা নিশ্চিত করে জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।আজ মঙ্গলবার শরীফপুর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।