কুলাউড়ায় স্কুলশিক্ষার্থীদের মানববন্ধন, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিলদারপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল আমিনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এবং শিক্ষার পরিবেশের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গতকাল রোববার উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে। পরে তারা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।সাধারণ শিক্ষার্থী, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মদদে সম্প্রতি স্থানীয় কিছু লোক গত ২৮ জুন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে (১৩) জড়িয়ে রফিকুল আমিনের বিরুদ্ধে ইউএনওর কাছে যৌন নিপীড়নের একটি মিথ্যা লিখিত অভিযোগ দেয়। ওই লোক ও তাঁদের সহযোগীরা রফিকুল আমিনের শাস্তির দাবিতে ১১ জুলাই বিদ্যালয়ে ঢুকে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। এ ছাড়া ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ও তার বাবা ১২ জুলাই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগটি মিথ্যা বলে ইউএনওকে লিখিতভাবে জানান।প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক রফিকুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ এবং শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবিতে দিলদারপুর উচ্চবিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর প্রায় ২০০ শিক্ষার্থী আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যালয়ের সামনে মানববন্ধন করে। পরে ইউএনও বরাবর তারা একটি স্মারকলিপি দেয়। রফিকুল আমিন মুঠোফোনে বলেন, ‘আমি কোনো ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করিনি। ঘটনাটি সাজানো।’ এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নৃপেন্দ্র কুমার দাশ তাঁর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ অস্বীকার করে গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, গত ১৪ জুন শ্রেণীকক্ষে পাঠদানকালে শিক্ষক রফিকুল আমিন এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন বলে সহকর্মীদের কাছ থেকে তিনি অভিযোগ পান।