কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর-মিঠুপুর কাঁচা রাস্তাটি সংস্কারে নেমেছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার থেকে তাঁরা এ কাজ শুরু করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবুতালিপুর-মিঠুপুর রাস্তাটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। রাস্তাটি দিয়ে আবুতালিপুর, মিঠুপুর, বেগমানপুর ও নূরপুর গ্রামের লোকজন চলাচল করেন। বৃষ্টি হলে রাস্তায় হাঁটুসমান কাদা হয়ে যায়। তখন কাদাপানিতে ভিজে চলাচল করতে হয়।
রাস্তাটি পাকা করার ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য, চেয়ারম্যান ও সাংসদের কাছে একাধিকবার মৌখিক ও লিখিত দাবি জানানো হলেও কোনো কাজ হয়নি। এ অবস্থায় এলাকাবাসী চাঁদা তুলে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন।
সরেজমিনে গতকাল শুক্রবার বেলা ১১টায় দেখা গেছে, রাস্তার আবুতালিপুর অংশে ২০-২৫ জন লোক রাস্তায় ইট বিছাচ্ছেন। তাঁদের কেউ কেউ কোদাল দিয়ে মাটি কেটে সমান করছেন।
এলাকাবাসী বলেন, আপাতত রাস্তার বেশি খারাপ অংশে ইট বিছানো হয়েছে। বিকেলের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে। কিছু দিনের মধ্যে আবারও চাঁদা তুলে রাস্তার বাকি অংশে ইট বিছানো হবে।
আবুতালিপুরের মইনুল ইসলাম বলেন, রাস্তাটি সংস্কারে তাঁরা ১২ হাজার টাকা চাঁদা তুলেছেন। ধনী-গরিব সবাই সাধ্যমতো চাঁদা দিয়েছেন, যা দিয়ে ইট কেনা হয়েছে। এখন স্বেচ্ছাশ্রমে সবাই কাজে নেমেছেন। দুদিনে রাস্তাটির প্রায় ৫০০ মিটার অংশে ইট বিছানো হয়েছে।
জয়চণ্ডী ইউপির চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ মুঠোফোনে বলেন, ‘রাস্তা পাকা করার মতো ফান্ড (তহবিল) ইউনিয়ন পরিষদের নেই। এই রাস্তা পাকা করার ব্যাপারে আমরা এলজিইডির কাছে একটি প্রস্তাব পাঠিয়েছি। রাস্তাটি তাদের অগ্রাধিকার তালিকায় আছে বলে আমি জানি।’
এলজিইডির উপজেলা কার্যালয়ের প্রকৌশলী আবুল হোসেন বলেন, উপজেলার বিভিন্ন কাঁচা রাস্তা পাকা করার ব্যাপারে সম্প্রতি
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি তালিকা পাঠানো হয়েছে। ওই তালিকায় আবুতালিপুর-মিঠুপুর রাস্তাটি আছে কি না সেটি তাঁর
মনে নেই।