কুলাউড়ায় হাজারে মারা যায় ১৫১ নবজাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় প্রতিবছর হাজারে ১৫১ জন নবজাতক মারা যায়। ১ হাজারে ৭৭ জন মৃত শিশু জন্ম নেয়।
বেসরকারি সংস্থা ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত এক কর্মশালায় গতকাল সোমবার এসব তথ্য জানানো হয়।
উপজেলা পরিষদের সভাকক্ষে বেলা দেড়টায় কর্মশালাটি শুরু হয়। শুরুতে আহছানিয়া মিশনের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী বজলুর রশীদ খান ২০১৩-১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের জরিপে পাওয়া উপজেলায় শিশুমৃত্যুর এ পরিসংখ্যান ও এর কারণ উপস্থাপন করেন। ‘সেনসিটাইজেশন ওয়ার্কশপ উইথ ডিফারেন্ট স্টেকহোল্ডার অ্যাট উপজেলা লেভেল অন ক্রিয়েটিং ইয়ুথ অ্যাডভোকেটস ফর হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালায় সহযোগিতা করে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।
কর্মশালায় আরও জানানো হয়, জন্মের এক বছরের মধ্যে প্রতি হাজারে ১৮১ জন এবং ৫ বছরের কম বয়সে ১৮৮ জন শিশু মারা যায়। নিউমোনিয়া, ডায়রিয়া, অপরিণত বয়সে জন্ম হওয়া ও শ্বাসকষ্টের কারণে এসব শিশু মারা যায়।
ইউএনও তাহসিনা বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম।
কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইয়ুথ লিডার, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।