মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩টি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের ১২টিতে চিকিৎসক না থাকায় এসব এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের মাসিক সভায় তাঁরা এ ক্ষোভের কথা তুলে ধরেন। এদিকে চিকিৎসক না থাকায় এসব কেন্দ্রে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও বিভিন্ন ইউপির চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সভার একপর্যায়ে উপজেলার হাজীপুর ইউপির চেয়ারম্যান আবদুল বাছিত ক্ষোভের সঙ্গে বলেন, তাঁর এলাকার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসা কর্মকর্তা নেই। এর ফলে দরিদ্র লোকজন স্বাস্থ্য ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পরে টিলাগাঁও ইউপির চেয়ারম্যান আবদুল মালিক, কর্মধার ইউপি চেয়ারম্যান এম এ রহমান, ভূকশিমইল ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান, পৃথ্বিমপাশা ইউপির চেয়ারম্যান নওয়াব আলী বাকর খান, ভাটেরা ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম, কাদিপুর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান ও শরীফপুর ইউপির চেয়ারম্যান জুনাব আলী তাঁদের এলাকার কেন্দ্রগুলোতে চিকিৎসক না থাকায় একইভাবে ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওই কেন্দ্রগুলোতে চিকিৎসক নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলায় আটটি ইউনিয়নে পরিবারকল্যাণ কেন্দ্র ও পাঁচটি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। ২০১৪ সালের ৭ আগস্ট এসব কেন্দ্রে ১৩ জন চিকিৎসা কর্মকর্তা যোগদান করেন। এর মধ্যে বর্তমানে শুধু বরমচাল ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা আছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক প্রশিক্ষণে কর্মস্থলের বাইরে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাকির হোসেন বলেন, তিনি কাদিপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। পরে চিকিৎসকসংকটের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অন্যান্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের চিকিৎসকদের বেশির ভাগ প্রশিক্ষণে ও কয়েকজন অন্যত্র বদলি হয়ে গেছেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসংকট থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র থেকে চিকিৎসকদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তবে নতুন চিকিৎসক নিয়োগ হলে হয়তো এ সমস্যা কেটে যাবে।