কুলাউড়ায় ১৭ শিশু ১০টি রোগের টিকা পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পর থেকে দেড় বছর বয়স পর্যন্ত শিশুদের ১০টি রোগ প্রতিরোধের টিকা পাওয়ার কথা। অথচ মাঠপর্যায়ের কর্মীদের গাফিলতিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের দুটি গ্রামের ১৭ শিশু এসব টিকা পায়নি। এসব শিশুকে টিকা দেওয়ার সময় বেশ আগেই পেরিয়ে গেছে। সম্প্রতি স্বাস্থ্য বিভাগের একটি দল তদন্ত করে এ তথ্য পেয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসের দিকে ভূকশিমইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য বিভাগের ক-১ ইউনিটের উত্তর সাদিপুর ও দক্ষিণ সাদিপুর গ্রামে শিশুদের হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক বিষয়টি তদন্তে চিকিৎসা কর্মকর্তা মোফাজ্জল করিম ইমরানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেন। গত ১২ জানুয়ারি দলটি ওই দুই গ্রামে যায়। এ সময় দুটি গ্রামে হামে আক্রান্ত ১৪ শিশুর খোঁজ পাওয়া যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী জন্মের নয় মাসের পর থেকে এক বছর বয়সের মধ্যে হাম-রোবেলার প্রথম ডোজ এবং ১৭ মাস থেকে দেড় বছর বয়সের মধ্যে ওই ১৪ শিশুর দ্বিতীয় ডোজ পাওয়ার কথা ছিল। এ ছাড়া উত্তর সাদিপুর ও দক্ষিণ সাদিপুর গ্রামের ১৭ শিশু হামসহ ১০টি রোগের কোনো টিকা পায়নি বলেও তথ্য পায় ওই তদন্ত কমিটি। ওই শিশুরা হচ্ছে দক্ষিণ সাদিপুরের আকামত আলীর ছেলে জায়েদ, সাবুল মিয়ার ছেলে ওসামা, আনার মিয়ার ছেলে তুহিন, দেলোয়ার হোসেনের ছেলে শাকিল, রিপন মিয়ার মেয়ে মুন্নী, শাহীন মিয়ার মেয়ে মারজানা, ছখাই মিয়ার মেয়ে তাহেরা, নজরুল ইসলামের মেয়ে ইমরানা, উকিল আলীর মেয়ে মাসুদা, সাইফুল মিয়ার ছেলে তুহিন; উত্তর সাদিপুরের তাজিম উদ্দিনের ছেলে সানি ও আবুল আহমদ, তজই মিয়ার ছেলে শাহান ও মেয়ে আনিশা, সরদার মিয়ার ছেলে সায়েক, সেলিম মিয়ার ছেলে আদনান ও মেয়ে আয়েশা। তদন্ত কমিটি এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেয়।
ক-১ ইউনিটে দায়িত্বে আছেন স্বাস্থ্য সহকারী মিতু রানী দাস ও সিরাজ মিয়া। এ ব্যাপারে বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মিতু রানীর বক্তব্য পাওয়া যায়নি। তবে সিরাজ মিয়া বলেন, তিনি চার-পাঁচ মাস ধরে ওই এলাকায় কাজ করছেন। তাঁর সময়কালে কোনো শিশু টিকা থেকে বঞ্চিত হয়নি।
তদন্তের সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে বলেন, ১৭ শিশুকে হাম ছাড়া অন্য রোগের কোনো টিকা দেওয়ার এখন আর সুযোগ নেই। তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী গতকাল মুঠোফোনে বলেন, তিনি প্রতিবেদন পেয়েছেন। প্রতিবেদনে বিভিন্ন সুপারিশ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া সময়মতো টিকা না দেওয়ায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।