কুলাউড়ায় ৩৩ শিক্ষক ১৪ মাসের বর্ধিত বেতন-ভাতাবঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ জন শিক্ষক প্রায় ১৪ মাসের বেতন-ভাতার বর্ধিত অংশ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও ভুক্তভোগী শিক্ষকদের সূত্রে জানা গেছে, ২০০৬ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি উন্নীত বেতন স্কেল ঘোষণা করে তৎকালীন সরকার। একই বছরের ২৯ আগস্ট থেকে তা কার্যকর হয়। কিন্তু কুলাউড়ার আড়াই শতাধিক শিক্ষকের মধ্যে ৩৩ জন শিক্ষক নির্ধারিত সময় থেকে ২০০৭ সালের ডিসেম্বর পর্যন্ত তাঁদের বেতন-ভাতার বর্ধিত অংশ পাননি। তাঁদের মতো আরও যাঁরা ছিলেন, তাঁরা বেশ আগেই তা পেয়ে গেছেন। উন্নীত স্কেল অনুযায়ী বাড়িভাড়া ও কল্যাণ খাতসহ ৩৩ জন শিক্ষকের এক মাসের বেতন-ভাতা প্রায় সাড়ে তিন লাখ টাকা। তবে ২০০৮ সালের জানুয়ারি মাস থেকে এসব শিক্ষক উন্নীত স্কেলেই বেতন-ভাতা পাচ্ছেন।সূত্র জানায়, বঞ্চিত শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা প্রদানে অতিরিক্ত বাজেট বরাদ্দ চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গত বছরের ৬ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর একটি চিঠি দেন। কিন্তু এ ব্যাপারে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী একাধিক শিক্ষক অভিযোগ করেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় খোঁজ নিয়ে সে চিঠির কোনো হদিস পাওয়া যায়নি।কুলাউড়া উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে বলেন, ‘আমরা অনেক আগেই বাদপড়া শিক্ষকদের বেতন-ভাতার বিল তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। অধিদপ্তর অর্থ বরাদ্দ করলে তাঁরা বকেয়া টাকা পাবেন।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক প্রথম আলোকে জানান, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। প্রয়োজনে নতুন করে অধিদপ্তরে চিঠি পাঠানো হবে।