কুলাউড়ায় 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রাবার বাগানের ঘাঘরাছড়া এলাকায় গতকাল শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে বাবুল মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ‘বাবুল ডাকাত’ নামে পরিচিত। এ ঘটনায় পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

বাবুল স্থানীয় ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের আবদুল হকের ছেলে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলিসহ ডাকাতির কাজে ব্যবহূত বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করেছে বলে দাবি করেছে পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান আজ রোববার সকাল ১০টার দিকে মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, বাবুলের নেতৃত্বে ১০-১৫ জনের ডাকাত দল ভাটেরা রাবার বাগানের স্টাফ কোয়ার্টারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গতকাল দিবাগত রাত সোয়া দুইটার দিকে বাগানের ঘাঘরাছড়া এলাকায় যায়। এ সময় ডাকাত দল টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও চায়নিজ রাইফেল ও শটগান দিয়ে পাল্টা গুলি ছোড়ে। এতে বাবুলের বুকের দুই পাশে দুটি গুলি লাগে। এ ঘটনায় পুলিশের কনস্টেবল হাবিব ও বজলুলের হাতে ও পায়ে গুলি লাগে। গুলিবিনিময়ের একপর্যায়ে বাবুলের সহযোগীরা সটকে পড়েন।

পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে পুলিশ। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
আহত পুলিশ সদস্যদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া একটি একনলা বন্দুক, তিনটি তাজা গুলি, দুটি গুলির খোসা, চারটি দা এবং দরজা ও লোহার গ্রিল ভাঙার কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
ওসি হাসানুজ্জামান জানান, বাবুলের বিরুদ্ধে কুলাউড়া ও রাজনগর থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।